‘২০২৫ সালের মধ্যে পঞ্চম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান’

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১২:২২
 
২০২৫ সালের মধ্যে বিশ্বের পঞ্চম পারমাণবিক ক্ষমতাধর দেশ হতে চলেছে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের থিংক ট্যাঙ্ক কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে পরমাণু কর্মসূচি যে হারে বাড়ছে তাতে এই ঘটনা অবাকা হওয়ার মতো কোনো কিছু নয়। 
 
বৃহস্পতিবার এনডিটিভি বলেছে, প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হলো যার একদিন পূর্বেই পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, তার দেশের পারমাণবিক কার্যক্রম প্রতিবেশি ভারতের আক্রমণ থেকে রক্ষার জন্যই।
 
‘পাকিস্তানি নিউক্লিয়ার ফোর্স ২০১৫’ শীর্ষক  ঐ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ৯০-১১০টি মনে করা হলেও এক প্রতিবেদন মতে তা এখন দাঁড়িয়েছে ১১০-১৩০টিতে। ২০২৫ সালের মধ্যে তা ‍গিয়ে দাঁড়াবে ২২০-২৩০টিতে।
 
গত ২০ বছরের ইসলামাবাদের রেকর্ড এবং বর্তমান কর্মকাণ্ড পর্যবেক্ষণ শেষে এমনটাই বোঝা যায় বলেও জানিয়েছে সংস্থাটি।
 
হ্যান্স এম.ক্রিস্টেনসেন এবং রবার্ট এস নরিস তাদের প্রতিবেদনে বলেছেন, নিক্ষেপণ ক্ষমতার উন্নয়ন, চারটি নতুন প্লুটনিয়াম অপারেশন রিঅ্যাকটর এবং ইউরেনিয়াম ‍সুবিধার দিক বিবেচনা করে বলা যায় যে, আগামী দশ বছরে দেশটির তার পারমাণবিক অস্ত্রের যোগান ব্যাপকভাবে বৃদ্ধি করবে।
 
তবে ক্রিস্টেন বলেন, পাকিস্তানের দিক বেশি বিবেচনায় না রাখলেও চীনের পারমাণবিক দিকটা ভালোভাবে পর্যবেক্ষণ করছে ভারত।
 
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন। আর এই সময়ে প্রতিবেদনটি প্রকাশিত হলো।