কলকাতা নাইট রাইডার্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার জ্যাক ক্যালিস। তিনি ট্রেভর বেলিসের স্থলাভিষিক্ত হয়েছেন। কেকেআর এর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
চার বছর কেকেআর এর প্রধান কোচের দায়িত্ব পালন শেষে সম্প্রতি বেলিস ইংল্যান্ডের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।
২০১১ সাল থেকে খেলোয়াড় হিসেবে কেকেআর এর সাথে যুক্ত ছিলেন ক্যালিস। গত বছর দলের ব্যাটিং পরামর্শক ও মেন্টর হিসেবে আইপিএল-এ কাজ করেন। ২০১২ ও ২০১৪ সালের আইপিএল এর শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই দক্ষিণ আফ্রিকান।
এছাড়া ২০১৪ সালে চ্যাম্পিয়ণস লীগ টোয়েন্টি২০ টুর্নামেন্টেও রানার্স-আপ কলকাতা নাইট রাইডার্সের সদস্য ছিলেন।
নতুন দায়িত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ক্যালিস বলেছেন, ভারতে কেকেআর আমার পরিবারের মতো। ২০১১ সাল থেকে এখানকার অভিজ্ঞতা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। নতুন চ্যালেঞ্জের দিকে এখন আমি তাকিয়ে আছি।
ক্যালিসকে কোচ হিসেবে দলে পেয়ে কেকেআর এর পক্ষ থেকেও সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে।
