কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিকদের পূর্বঘোষিত সকাল-সন্ধ্যা ধর্মঘট চলছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ক্রসিং এলাকা দিয়ে বিভিন্ন উপজেলার সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি-হুইলার পারাপারে নিষেধাজ্ঞার প্রতিবাদে কুমিল্লা জেলা অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনগুলো এ ধর্মঘট পালন করছে।
এ সময়ে এ ধর্মঘটের আওতায় জেলার সকল উপজেলায় তিন চাকার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। এতে কুমিল্লা মহানগরসহ আঞ্চলিক বিভিন্ন সড়কে যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন।
মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কুমিল্লা জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হাজী আবদুল কাদের জানান, জেলার পদুয়ার বাজারসহ বিভিন্ন পয়েন্টে মহাসড়ক ক্রস করে কুমিল্লা মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশা প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি ও আঞ্চলিক মহাসড়কে সিএনজি চালকদের বিভিন্নভাবে হয়রানি এবং মামলা দিয়ে নির্ধারিত জরিমানার চেয়ে ৩-৪ গুণ বেশি টাকা আদায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট পালন করা হচ্ছে।
