নগরকান্দায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৫:৩১
ফরিদপুরের নগরকান্দার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০টি বসতঘর ভাংচুর হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কোদালিয়া গ্রামের আক্কাছ আলী পক্ষের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ নেতা ফজলুল হক মাষ্টার পক্ষের সংঘর্ষ হয়। 
 
পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্কাস আলীর সমর্থকেরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে ফজলুল হক সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ফজলুল হকের সমর্থকেরা পাল্টা আক্রমন করলে সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে মিরান (২৫), রায়হান (৩০) ও ছিরু (৩৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আফসার উদ্দিন জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের চারজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।