দিনাজপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আহতরা জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। এ সময় প্রায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ থাকলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলাধীন ওই মহাসড়কের গোপালগঞ্জ নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গরু ও যাত্রী বোঝাই একটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনটি গরু মারা যায়। ভটভটির যাত্রী আহত ১২ গরু ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয়রা জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, জেলা সদর উপজেলার শিবরামপুর গ্রামের ফজলুল হকের পুত্র বাবু মিয়া (৩০) ও মহারাজপুর গ্রামের খাজিমউদ্দীনের পুত্র আব্দুস সাত্তার (৬৫)। তাদের লাশ ময়না তদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত নাজির হোসেন (৫০), ইলিয়াস (৫৫), নুরুল হক (৩৮), দুরুল হক (৪৫), আনোয়ারুল (৪২), ভটভটি চালক কামাল হোসেন (৩৩), আব্দুর রহমান (৪৫), অতুল বাবু (৪৬), আমজাদ হোসেন (৪৫) ও লিটু মিয়াকে (৪০) জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে নাজির হোসেন ও ইলিয়াসের অবস্থা আশংকাজনক। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে।
