‘শিগগিরই নিষিদ্ধ হবে জামায়াত-শিবির’

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৮:০৯
‘অচিরেই নিষিদ্ধ হবে জামায়াত-শিবিরের রাজনীতি। এরা বাংলাদেশের স্বাধীনতাকে কোনদিন মনেপ্রাণে গ্রহণ করেনি। এতদিন বাংলাদেশের সকল সুযোগ-সুবিধা ভোগ করে আসলেও দলটি বাংলাদেশের অস্তিত্বকে মানেনি।’
 
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা সদরের বিভিন্ন গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মাঝে সরকারি অনুদান বিতরণকালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি এ কথা বলেন। এসব পরিবারের প্রতিটিকে এক বান্ডিল করে ঢেউ টিন ও নগদ তিন হাজার টাকা করে বিতরণ করা হয়।
 
তিনি বলেন, ‘আগামী পৌর ও ইউপি নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। আর এতেই জামায়াতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’
 
সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান এতে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু আসাদ মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ ও জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।