নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী এলাকায় দুই দিনব্যাপী প্রায় তিন হাজার হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী উপজেলার চরআহম্মদপুর গ্রামে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ‘শ্রী শ্রী রায় কানাই জিউ সেবক সংঘ’র উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বিশিষ্ট নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. মানস রঞ্জন চক্রবর্তী।
তিনি জানান, ঢাকা থেকে ছয়জন কনসালটেন্টসহ মোট ২৩ জন চিকিৎসক দুই দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন।
তিনি বলেন, ‘গ্রামের গরিব মানুষ সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পায় না। এসব গরিব মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়াই মূলত আমার লক্ষ্য।’
দুই দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের সমাপনী হয় বৃহস্পতিবার। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোজাম্মেল হক কমল, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমিরুল ইসলাম শামীম, ডা. মহসীন উদ্দিন সেলিম, ডা. মোস্তফা কামাল খান, দন্ত চিকিৎসক ডা. নারায়ন চন্দ্র চক্রবর্তী (নারু), ডা. ইব্রাহিম টিটন, মুনামিন ইয়াছমিন, ডা. এমদাদুল হক, মনোহরদী উপজেলার নির্বাহী অফিসার নাসরিন সুলতানা ও এসিল্যান্ড শামীম কিবরিয়া প্রমুখ।
