রায়গঞ্জে সংঘর্ষে এক নারী নিহত

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৫:৪৯
সিরাজগঞ্জে রায়গঞ্জে মসজিদের হিসাব-নিকাশকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। 
 
উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর পূর্বপাড়া গ্রামের জামে মসজিদের তহবিলের টাকার হিসাব-নিকাশকে কেন্দ্র করে ওই গ্রামের মো. হযরত আলীর বাড়িতে বৃহস্পতিবার রাতে বৈঠক বসে। বৈঠকে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আরশেদ আলীর সঙ্গে কমিটির অন্যান্য সদস্যদের বাক-বিতণ্ডার একপর্যায়ে একই গ্রামের ইব্রাহিমের ছেলে হযরত আলীর নেতৃত্বে তার সহোদর ভাইয়েরা আরশেদ আলী ও তার ভাই ওয়াছে কুরুনীর ওপর হামলা চালায়। এতে বাধা দিতে গিয়ে ওয়াছে কুরুনীর মা আমিনা বেগম (৬০) হামলাকারীদের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। 
 
আহতদের মধ্যে রয়েছেন- ওয়ায়েছ কুরুনী (৩০), হাসান আলী (৩২), আরদেশ আলী (৩৫), আব্দুল মোমিন (২৮), মোন্নাফ (৩০),  মালেক (৩৬) ও জাহাঙ্গীর (৪০)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ওয়ায়েছ কুরুনীকে রায়গঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।