অ্যাম্বুলেন্সের গতিরোধ করে তিনজনকে অপহরণ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৮:৩৫
কক্সবাজার রামু উপজেলার ঈদঘর নামক স্থানে সাবেক মেম্বারসহ তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সাবেক সদস্য আবু তৈয়ুব (৪৫), একই ইউনিয়নের যৌথ খামারপাড়ার আবু ছিদ্দিক (২৫) ও চকরিয়ার চিরিঙ্গা এলাকার শাহ আলম (২৭)।
 
জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে বাড়ি ফিরছিলেন রোগী ও অপহৃত ওই স্বজনেরা। ভোর চারটার দিকে অ্যাম্বুলেন্সটি কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানিরছড়ার ঢালায় পৌঁছালে আট-দশজনের অস্ত্রধারী একটি দল গাছের গুড়ি ফেলে এর গতিরোধ করে। এ সময় রোগী ও চালককে রেখে ওই তিনজনকে জিম্মি করে জঙ্গলের দিকে চলে যায় দুর্বৃত্তরা।
 
পুলিশ জানায়, ডাকাতির উৎপাত থাকায় সন্ধ্যার পর থেকেই দুর্গম পাহাড়ি অঞ্চলের ঈদগাহ-ঈদগড়-বাইশারী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাতে ওই সড়কে কারো চলাচলের প্রয়োজন দেখা দিলে পুলিশের সহযোগিতা নেন। এদিন রাতে অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে এ সড়ক দিয়ে যাওয়ার জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়নি। 
 
রামু থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবদুল মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।