চাপে পরে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংহ। প্রাথমিক ভাবে অবশ্য দুই দলিত শিশু খুনের ঘটনায় নিজের বিতর্কিত মন্তব্য নিয়ে অনড় ছিলেন তিনি। বিরোধীদের তীব্র সমালোচনা সত্ত্বেও টুইটারে জানিয়ে ছিলেন, নিজের মন্তব্যের কোনো ব্যাখ্যা তিনি দেবেন না।
পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নেন বিজেপি প্রধান অমিত শাহ। তিনি কথা বলেন ভিকে সিংহের সঙ্গে। এরপরেই প্রাক্তন সেনাপ্রধান বিতর্ক আর না বাড়িয়ে নিজের অবস্থান থেকে সরে আসেন। ক্ষমা চেয়ে নেন নিজের বিতর্কত মন্তব্যের জন্য।
হরিয়ানার শোনপেড় গ্রামে এক দলিত পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দুই শিশুকে খুনের ঘটনায় এমনিতেই উত্তপ্ত ছিল দিল্লির রাজনীতি। কেন্দ্রের মোদী সরকার তথা হরিয়ানার বিজেপি সরকারের পক্ষে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘কেউ কুকুরকে ঢিল ছুড়লে, সেটাও কি সরকারের দায়?’
সাংবাদিকদের নিশানা করতেও ছাড়েননি প্রাক্তন সেনাপ্রধান সিংহ। তার পরামর্শ—অকারণে যারা সংবাদ মাধ্যমে বিতর্ক তৈরি করছেন, তাদের সাংবাদিকতা ছেড়ে মানসিক হাসপাতালে ভর্তি হওয়াই ভালো।
