নেত্রকোনায় দম্পতিকে গলা কেটে হত্যা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৭:৩১
জেলার দুর্গাপুর উপজেলার পৌর এলাকার বড়-বাজারে প্রবীণ আওয়ামী লীগ নেতা অরুণ কুমার সাহা (৭৪) এবং তার স্ত্রী হেনা রানি সাহা (৫৫) নিজ বাড়িতে খুন হয়েছেন।
 
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে। এ সময় ওই দুইজনকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা চিৎকার দেয়। পরে স্থানীয় থানায় ঘটনাটি জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিকেল পৌনে তিনটার দিকে দম্পতির মৃতদেহ উদ্ধার করে। এ দম্পতির দুই ছেলের মধ্যে ছোট ছেলে সুদীপ সাহা (৪০) ইটালি প্রবাসী এবং বড় ছেলে সুজীত সাহা (৪৫) দুর্গাপুরের ব্যবসা করেন।
 
স্থানীয়দের অভিমত, ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে। তারা বলেন, ‘শুক্রবার দুপুরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করে। এ সময় ডাকতদের চিনতে পারায় এ দম্পতিকে খুন করে তারা পালিয়ে যায়। অথবা ব্যবসা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরেও এ খুনের ঘটনা ঘটতে পারে।’
 
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ‘এটা ডাকাতির ঘটনাও হতে পারে। তবে সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত খুনের রহস্য উদঘাটনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’