পাচারের সময় বেনাপোল থেকে শিশুসহ উদ্ধার ২০

আপডেট : ২৩ অক্টোবর ২০১৫, ১৭:৪৬
 
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের  সময় শিশুসহ ২০ বাংলাদেশিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বেনাপোল সীমান্তের চেকপোস্ট বিজিবি ক্যাম্পের পিছনে রেললাইন পোস্ট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
 
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের নায়েব সুবেদার জানান, শুক্রবার ভোরে এদের উদ্ধার করা হয়। শিশুসহ এ সব  নারী ভারতে পাচার হয়ে যাচ্ছিল। উদ্ধারের পর তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পাচারের সাথে জড়িতরা পালিয়ে গেছে। তবে থানা থেকে জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবি তাদের আটক করে।
 
উদ্ধারকৃতদের দাবি, চাকরি দেয়ার নামে একটি চক্র তাদের ভারতে নিয়ে যাচ্ছিল। তবে শিশুদের কোন চাকরি দেয়ার কথা বলা হয়েছিল সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারেনি তারা।
 
আটককৃতরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার ইকবালের মেয়ে পারভীন (১৬), ওহিদুলের স্ত্রী সাফিয়া (১৯), ইসলামের স্ত্রী তাসলিমা (৪০), গোলাম শরীফের ছেলে সেলিম (৪০), সেলিমের স্ত্রী রেয়া (১৮), ছেলে সজল (১০), শাহেদ (৫), মেয়ে সাদিয়া (০৯), হাসানের ছেলে নয়ন (২০) ও তার স্ত্রী আফরোজা (১৮), ছেলে সফিক (০৪), রবিউলের ছেলে বাবু মোল্যা (১৮), ওবাদ শেখের স্ত্রী রত্না (৩৫), মেয়ে রাবিয়া (০৮), শাফায়েতের ছেলে নেয়ামত (২৫), আলতাফের স্ত্রী নাহার (৪৫), মেয়ে বৃষ্টি (১১), গোলামের ছেলে আলফাজ (১৭) আলফাজের ছেলে সজিব (১৭) ও নয়ন (০৭)।