ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। সেসময় আরো প্রায় ৩০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে চাতলপাড় ইউনিয়নের ধানতলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম রহমত আলী (৫৫)। তিনি ধানতলিয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। সেখান থেকে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতলিয়া গ্রামের আবিদ খাঁ ও জমির খাঁর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় তিন ঘন্টা ধরে চলা সংঘর্ষে প্রতিপক্ষের ঢিলের আঘাতে ঘটনাস্থলেই রহমত আলী নিহত হন। এসময় কয়েকটি ঘর ভাংচুর করা হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা সরাইল, অষ্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পুলিশ মাইনুদ্দিন (৫০) নামে একজনকে আটক করেছে। চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
