নাটোরের গুরুদাসপুরে আড়ম্বরের মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজার শেষ হয়েছিল। কিন্তু বিসর্জনের আগ মুহূর্তে শুক্রবার ভোরে একটি মণ্ডপে পাঁচটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে শোক আর ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে শহরের চাঁচকৈড় বাজারের প্রধান সড়কে কাঠ ফেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ লোকজন। একই সাথে চলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। প্রতিবাদ মিছিলে যোগ দেন নারীরাও। দুপুর পর্যন্ত থেমে থেমে চলে প্রতিবাদ।
পরে প্রশাসনের কর্মকর্তাসহ হিন্দু সম্প্রদায়ের নেতা এবং স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ইব্রাহিম হোসেন জানিয়েছেন, প্রতিমা ভাংচুরের ঘটনায় শুক্রবার দুপুরে চাঁচকৈড় কাচারীপাড়া মহল্লার খিজিরশাহ (৫০) তার ছেলে ট্রাক চালক জাহিদ হোসেন (২১) ও সাহাপুর গ্রামের সোলায়মানের ছেলে ওমর খন্দকারকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ৪-৫জনের একটি দল মুখে গামছা বেধে চাঁচকৈড় কাচারীপাড়া কালী মন্দিরের মণ্ডপে ঢুকে। সেখানে দায়িত্বরত দুজন আনসার সদস্য বজলু (৩০) ও রজিব (৫০) কে মারধর ও জিম্মি করে দুর্বৃত্তরা প্রতিমা ভেঙ্গে পালিয়ে যায়।
ওই ঘটনায় আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। রজিবকে গুরুদাসপুর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন রজিব জানায়, ঘটনার সময় বজলু ঘুমাচ্ছিলেন। এসময় মণ্ডপে দৃর্বৃত্তরা ঢুকে তার বুকে লাথি মেরে মাটিতে ফেলে তাদের জিম্মি করে। কয়েক মিনিটের মধ্যেই তারা প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। গামছায় মুখ ঢাকা থাকায় তিনি হামলাকারীদের চিনতে পারেনি। তবে তারা বয়সে তরুণ ছিলেন বলে তিনি জানান।
প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে চাচকৈড় হরিবারে সমাবেশ করেন সনাতন ধর্মের নেতৃবৃন্দ। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন স্থানীয় সাংসদ অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, নাটোর জেলা প্রশাসক মো. মশিউর রহমান, পুলিশ সুপার এস.কে মুখার্জী, নাটোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার, র্যাব-৫এর সিইও মো. আবু নাসেরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
