মাত্র দ্বিতীয় দিনেই কলম্বো টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে শ্রীলংকা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৩ রানে অল আউট করে দিয়েছে তারা। ফলে ৩৭ রান লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট ৭৬ রান তুলেছে স্বাগতিকরা।
দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ১১৩ রানে এগিয়ে রয়েছে লংকানরা। এর আগে প্রথম ইনিংসে ২০০ রানে গুটিয়ে গিয়েছিলো ম্যাথুজের দল। গল টেস্ট হারের পর ফিল্ডারদের দোষারোপ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কিছুটা হলেও বোলার ও ব্যাটসম্যানদের পক্ষে কথা বলেছিলেন তিনি। আর কলম্বো টেস্ট শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ পুরো দলকে উজ্জীবিত করতে শ্রীলংকায় পৌঁছেন স্যার গ্যারি সোবার্স। টেস্টের প্রথম দিন শেষেই বুঝা গিয়েছিলো সোবার্সে উজ্জীবিত ওয়েস্ট ইন্ডিজ। কারণ ক্যারিবীয় বোলাররা ২শ’ রানেই আটকে রাখেন শ্রীলংকাকে। কিন্তু ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ১ উইকেটে ১৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ১৬৩ রানেই গুটিয়ে গেছে ক্যারিবীয়রা। দলের কোন ব্যাটসম্যানই হাফ-সেঞ্চুরি স্পর্শ করতে পারেননি। এমনকি দু’জন ছাড়া, কেউই ২০ রানের কোটাও অতিক্রম করতে পারেননি।
শুরুতে ওপেনার ক্রেইগ ব্রাফেট বড় ইনিংস খেলার আভাস দিয়েছিলেন। কিন্তু ১০১ বলে ৪৭ রান করেই থেমে যেতে হয় তাকে। আর শেষদিকে কেমার রোচকে নিয়ে শ্রীলংকার ২০০ রানকে টপকে যাওয়ার চেষ্টা করেছিলেন হোল্ডার। কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেই থামতে হয় তাকে। আর সঙ্গীর অভাবে ১৭ রান নিয়ে অপরাজিত থাকতে হয় রোচকে। ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত অলআউট করিয়ে শ্রীলংকাকে ৩৭ রানের লিড এনে দিতে বল হাতে প্রধান ভূমিকা পালন করেন পেসার ধাম্মিকা প্রসাদ, দিলরুয়ান পেরেরা ও মিলিন্দা সিরবর্দেনে। প্রসাদ ৪টি, পেরেরা ৩টি ও সিরবদের্নে ২টি উইকেট নেন। প্রথম ইনিংসে ২০০ বা তার কম রান করে দীর্ঘ নয় বছর আবারো লিড নিলো শ্রীলংকা। ৩৭ রানের এই লিডের সাথে দ্বিতীয় দিন শেষে আরও ৭৬ রান যোগ করেছে তারা। ফলে তাদের লিড গিয়ে দাঁড়ালো ১১৩ রানে। দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই দিমুথ করুনারত্নে শূন্য রানে হারায় শ্রীলংকা। উইকেটটি নেন ক্যারিবীয় পেসার জেরমে টেইলর। এরপর শুরুর ধাক্কা সামাল দেন কৌশল সিলভা ও কুশাল মেন্ডিস। দু’জনে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৫৫ রান। মেন্ডিসকে ব্যক্তিগত ৩৯ রানে থামিয়ে জুটিটি ভাঙ্গেন প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া জোমেল বারিকান। মেন্ডিসকে হারালেও, দিনেশ চান্ডিমালকে নিয়ে দিনের শেষটা ভালোভাবেই ইতি টানেন সিলভা। চান্ডিমাল ৫ ও সিলভা ৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। বাসস।
