নিজস্ব ভিডিও স্ট্রিমিং সেবা চালু করার ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ও মিডিয়া হাউজ ডিজনি। ডিজনি লাইফ নামের ভিডিও সাবস্ক্রিপশনের নতুন এই সেবা প্রাথমিক ভাবে যুক্তরাজ্যে উন্মুক্ত করা হবে।
একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজনি বিভিন্ন ফিচার উপহার দেবে গ্রাহকদের। যেমন প্রতিষ্ঠানটির নির্মিত চলচ্চিত্র ও বিখ্যাত অ্যানিমেশন মুভি গুলি। এছাড়া তাদের তৈরি মিউজিক, বই ও টেলিভিশন প্রোগ্রামও স্ট্রিমিং করা হবে এই অ্যাপলিকেশনটির মাধ্যমে। ওয়াল্ট ডিজনি ভিডিও স্ট্রিমিং ব্যবসায় যুক্ত হওয়ায় এই খাতে সেবা দেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো যেমন- অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফিক্স ও নাউ টিভি’র সঙ্গে প্রতিযোগিতা তৈরি হলো। ডিজনের স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স ও অ্যামাজনের ভিডিও স্ট্রিমিং সার্ভিসের চেয়ে বেশি দামের। তবে ক্যাবল অপারেটরদের চেয়ে কম দামের বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আপাতত শুধুমাত্র যুক্তরাজ্যে চালু করা হচ্ছে ডিজনির ভিডিও স্ট্রিমিং সেবা। তবে অল্প সময়ের মধ্যে বিশ্বের অন্য দেশগুলোতে সেবাটি চালু করার পরিকল্পনা রয়েছে ডিজনির। মিডিয়া রিসার্চ বিশেষজ্ঞ মার্ক মুলিগান বলেছেন, এইচবিও আর ডিজনির মতো নির্মাতা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ ব্যবসার কথা চিন্তা করে পুরনো চিন্তা বাদ দিয়ে নতুন ভাবে ব্যবসা সম্প্রসারণের চিন্তা করছে। মার্ক মুলিগান বলেন ডিজিটাল যুগে এখন আর কোন কনটেন্ট টেলিভিশন কর্তৃপক্ষের কাছে বিক্রির সুযোগ নেই। বিবিসি।
