ফরিদপুর শহরে পুলিশের গুলিতে হাবিব (৩৮) নামের এক ব্যক্তি মারা গেছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় হাবিবের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ সদস্য সৈকত আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, হাবিবের ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য সৈকতকে জেলা শহরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘হাবিব ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানতে পেরে পুলিশের একটি দল শহরের পূর্বখাবাসপুরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় হাবিব পুলিশের ওপর হামলা চালিয়ে এক সদস্যকে কুপিয়ে জখম করে। এ সময় পুলিশ দলের অপর সদস্যরা সৈকতকে রক্ষার্থে গুলি চালালে হাবিব গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দেশিয় অস্ত্র উদ্ধার করে বলে জানান তিনি।
হাবিব হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ ৯টি মামলার আসামি। হাবিবের ছুরির আঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
