মাগুরায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১৫:৩০
মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুরে শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আরব লস্কর (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত আরব লস্কর গঙ্গারামপুর গ্রামের ওয়াজেদ লস্করের ছেলে।
 
এলাকাবাসী জানায়, গঙ্গারামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মাকছুদুর রহমান ডলারের সঙ্গে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ শেখের নেতৃত্বে এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের এক পর্যায়ে শুক্রবার দুপুরে বিভিন্ন অভিযোগে ফরিদ পক্ষের সম্প্রতি বিএনপি থেকে আওয়মী লীগে যোগদানকারী শামীম নামের এক যুবককে শালিখা থানা পুলিশ আটক করে। পরে বিকালে তাকে ছেড়ে দেয়। এ আটকের ঘটনায় ডলার পক্ষের সমর্থক ৫ মাস আগে বিএনপি থেকে আওয়ামী লীগে আসা আরব লস্ককে দায়ি করে ফরিদ পক্ষের লোকজন। যা নিয়ে উত্তেজনার এক পর্যায়ে শনিবার সকাল ৮ টার দিকে ফরিদ পক্ষের সমর্থকরা আরব লস্করের বুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ তাকে মৃত ঘোষণা করেন। 
 
শালিখা থানার ওসি আবু জিহাদ খান জানান, আওয়ামী লীগ সমর্থক দুই নেতা ডলার ও ফরিদ পক্ষের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ফরিদসহ কয়েকজনকে আটক করেছে।