দুর্গাপূজা উপলক্ষে আন্তজেলা ও স্থানীয় সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্র কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে ২০১৩ সাল থেকে এ যাবৎ ৪৮টি মোটরসাইকেল চুরি ও ছিনতাই করে। এর মধ্যে দু-একটি উদ্ধার করা গেলেও বাকিগুলো পাওয়া যায়নি। বুধবার রাত ৮ টার দিকে ইত্তেফাক সংবাদদাতা শামসুল হক হিরোর বড় ছেলে জাহান হাসান বুলবুলের ১২৫ সিসি মোটরসাইকেলটি ৫ মিনিটের ব্যবধানে চুরি হয়ে যায়।
ওই সময় বুলবুল মোটরসাইকেলটি লক করে বাসার সামনের রাস্তার পশ্চিম পাশে রেখে বাসায় যান। ৫ মিনিট পর ফিরে এসে তিনি মোটরসাইকেলটি খুঁজে পাননি। ঘটনার সঙ্গে সঙ্গে কালিহাতী থানা পুলিশকে জানানো হলে থানা পুলিশ তাৎক্ষনিকভাবে ওয়ার্লেস ম্যাসেস পাঠিয়ে আশেপাশের থানা ও ট্রাফিক পুলিশকে অবহিত করে।
কালিহাতী থানার ওসি সাইফুল ইসলামকে বিষয়টি জানানো হলে তিনি জানান, পূজার ডিউটি থাকায় অনুসন্ধানে একটু বিলম্ব হচ্ছে, শিগগিরই মোটরসাইকেলটি উদ্ধারে অনুসন্ধান চালানো হবে। চুরিকৃত মোটরসাইকেলগুলো যেসব এলাকায় নিয়ে রাখা হয়, সেগুলো হচ্ছে- জুকার চর, টাঙ্গাইল বাইপাসের রসূলপুর, কোকডহরা ইউনিয়নের চারান বাজার এবং বাঘেরবাড়ী হামিদপুর এলাকা।
