পীরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে নাজমা (১০) ও শাহারুল (৭) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রামে এই ঘটনা ঘটে। নাজমা ও শাহারুল পাটগ্রাম দাখিল মাদ্রাসার পঞ্চম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
মৃতদের পারিবারিক সূত্র জানিয়েছে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে শিশু নাজমা (১০) ও শাহারুল (৭) শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। রাতে পানির তৃষ্ণায় শাহারুল ছটফট করতে থাকলে বাবা-মা ছুটে আসেন। পানি পানের পরই তীব্র ব্যথা ও বমি শুরু হয় শাহারুলের। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শাহারুলের মৃত্যু হয়। ছেলের মরদেহ নিয়ে বাড়ি ফিরে ঘুমন্ত মেয়ে নাজমার খোঁজ করতে থাকেন বাবা ও মা। এক সময়ে মেয়েও ব্যথার কথা বলে ছটফট ও বমি করতে থাকে। একপর্যায়ে বাড়ির আঙিনায় বাবা-মার সামনেই মেয়ে নাজমাও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এলাকাবাসী ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির শোয়ার ঘরে একটি সাপ দেখতে পায়।
