কক্সবাজারের রামু উপজেলার ঈদঘরে অ্যাম্বুলেন্স থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করা হয়েছে। এরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সাবেক সদস্য আবু তৈয়ুব (৪৫), একই ইউনিয়নের যৌথ খামারপাড়ার আবু ছিদ্দিক (২৫) ও চকরিয়ার চিরিঙ্গা এলাকার শাহ আলম (২৭)।
জানা গেছে, পুলিশ শনিবার ভোর তিনটার দিকে অপহৃতদের উদ্ধারে উপজেলাধীন দুর্গম পাহাড়ি অঞ্চলের ঈদগাহ-ঈদগড়-বাইশারী সড়কের পাশের জঙ্গলে অভিযান চালায়। এ সময় একটি টংঘর থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। অপহরণকারীরা টের পেয়ে পালিয়ে যায়।
রামু থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবদুল মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃতরা থানা হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে বাড়ি ফিরছিলেন রোগী ও উদ্ধার হওয়া ওই স্বজনেরা। ভোর চারটার দিকে অ্যাম্বুলেন্সটি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানিরছড়ার ঢালায় পৌঁছালে আট-দশজনের অস্ত্রধারী একটি দল গাছের গুড়ি ফেলে এর গতিরোধ করে। এ সময় রোগী ও চালককে রেখে ওই তিনজনকে জিম্মি করে জঙ্গলের দিকে চলে যায় দুর্বৃত্তরা।
