মেহেরপুরে বাস শ্রমিকদের ধর্মঘট, বিপাকে যাত্রীরা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ১৯:০৬
মেহেরপুর জেলায় মোটর শ্রমিকদের ধর্মঘটের কারণে আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক বাস চলাচল বন্ধের কারণে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
 
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা ও বাংলাদেশ পত্রিকা পরিবহন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন রিন্টুর মধ্যে দ্বন্দ্বের জের ধরে শনিবার থেকে এ ধর্মঘটের ডাক দেন শ্রমিকেরা।
 
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাসস্ট্যান্ড এলাকায় আহসান হাবীব সোনা ও আক্তার হোসেন রিন্টুর মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় সোনাকে লাঞ্চিত করেন রিন্টু। এর জের ধরে দুপুরে শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেন।
 
এদিকে মালিক সমিতির নেতাদের সঙ্গে আলাপ না করে বাস বন্ধের ঘোষণায় বেঁকে বসেন মালিকরা। বন্ধ ঘোষণার পর শ্রমিকদের এক পক্ষ বাস চালানো শুরু করতে চাইলেও তাতে মালিকপক্ষ রাজি হয়নি। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে তারা কিভাবে বাস বন্ধ করেছে তা খতিয়ে দেখে জড়িত শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল।
 
মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বলেন, বিষয়টি সমাধানে সন্ধ্যায় উভয়পক্ষের সঙ্গে আলোচনা করা হবে।