ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হচ্ছে ম্যানইউ ও ম্যানসিটি। ওল্ড ট্র্যাফোর্ডে এই ম্যাচের আগে ম্যানসিটি ইংলিশ প্রিমিয়ার লিগের রোববারের ম্যাচটিতে সিটিকে এগিয়ে রেখেছেন ইউনাইটেড কোচ লুইস ফন গাল।
প্রতিপক্ষকে এগিয়ে রাখার কারণ হিসেবে ফন গাল বলেন, আপনি পরিসংখ্যানের দিকে তাকালে দেখবেন তারা প্রথম এবং আমরা দ্বিতীয় বা তৃতীয়। আমি মনে করি, তারাই ফেভারিট। প্রিমিয়ার লিগের নবম রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড। আর্সেনালের পয়েন্টও ১৯। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তারা আছে দ্বিতীয় স্থানে। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার ঘরের মাঠে খেলা সিটি সেভিয়াকে হারায়। তবে মস্কো থেকে সিএসকেএর সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে ফেরে ইউনাইটেড। লম্বা ভ্রমণ করে আসায় নিজেদের সতেজ করে তোলার সময়টাও একটু কম পেয়েছে তারা।
গত শুক্রবার সংবাদ সম্মেলনে ক্লান্তির বিষয়টিও তুলে ধরেন ফন গাল। নিজেদের কাজটা করতে হবে আমাদের। কিন্তু আমরা একটা দিন কম পেয়েছি, তাই আমাদের জন্য এটা বেশি কঠিন। তবে সব প্রতিবন্ধকতা এড়িয়ে নিজেদের মাঠে নগর প্রতিদ্বন্দ্বীকে হারানোর ইচ্ছা ব্যক্ত করেছেন ইউনাইটেড কোচ। গোল ডটকম।
