কাহালুতে সড়ক দুর্ঘটনায় কোচের হেলপার নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০১৫, ২৩:৪২

বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট বাস ষ্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি কোচের হেলপার নিহত হয়েছে।

বগুড়া-সান্তাহার সড়কের পাশে অবস্থিত বাংলাদেশ বেতার বগুড়া কেন্দ্রের কাছে শনিবার রাত পৌনে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে নওগাঁ গামী এস.আর ট্রাভেলসের একটি কোচ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সার বোঝাই  একটি ট্রাকের সঙ্গে প্রচন্ড বেগে ধাক্কা দেয়। এতে কোচের হেলপার আব্দুস সামাদ(৪৫) ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আরও ১২জন  যাত্রী  আহত হয়েছে।
জানা গেছে,শনিবার সকালে কাহালুর দরগারহাট এলাকায় সান্তাহার অভিমুখী একটি সার বোঝাই ট্রাকে(বগুড়া-ট-৫৯৪৯) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রাকটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  দরগাহাট বাস ষ্ট্যান্ডের পাশে অবস্থিত বাংলাদেশ বেতার বগুড়া কেন্দ্রের কাছাকাছি টি.এম.এস.এস কার্যালয়ের সামনে রাস্তার বাম পাশে দাঁড়ানো ছিল।
এদিকে শনিবার ঢাকা  থেকে নওগাঁগামী এস.আর ট্রাভেলসের (ঢাকা,মেট্রো-ব-১৪-৬০৯৫) একটি কোচ  রাত রাত পৌনে ৮ টার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সার বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের পিছনের অংশ ভেঙ্গে যায় এবং ট্রাকটি রাস্তার বাম পাশের খাদে নেমে যায়।
এসময় কোচের বাম দিকের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে কোচটিও রাস্তার বাম পাশের খাদে নেমে যায়।এঘটনায় কোচের দরজার কাছে থাকা হেলপার আব্দুস সামাদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেলে সে  ঘটনাস্থলে মারা যায়। এছাড়া এ দুর্ঘটনায় কোচে থাকা যাত্রীদের মধ্যে আরও ১২ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
তবে আহত ২ জনের মধ্যে ১ জনকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপর জনকে নওগাঁয় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
নিহত আব্দুস সামাদের নাম জানা গেলেও ঠিকানা এখনো জানা যায়নি। কাহালু থানার এস.আই নুরুল ইসলাম জানান, নিহত হেলপার আব্দুস সামাদের বাড়ি নওগাঁয় বলে তিনি জানতে পেরেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে  পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল। অপরদিকে নিহত হেলপার আব্দুস সামাদের ছিন্নভিন্ন দেহ রাস্তার পাশে পড়ে ছিল।
ঘটনার পর কোচের ড্রাইভার পালিয়ে গেছে।