নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় কোর্ট ইন্সপেক্টর নিহত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ১১:৩৭
ইজিবাইক উল্টে নিহত হয়েছেন নীলফামারীর কোর্ট ইন্সপেক্টর সোহেল আফজা (৫০)। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে সৈয়দপুরের পার্শ্ববর্তী দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার হাশিমপুরে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহেল আফজা নীলফামারীর সৈয়দপুর থেকে ব্যাটারি চালিত অটোতে করে উক্ত হাশিমপুর এলাকায় আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথে সড়কের বাক নিতে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ও পরে সৈয়দপুর সেনা নিবাসের সিএমএইচ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। 
 
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
 
সোহেল আফজা গত দেড় বছর ধরে নীলফামারী কোর্ট ইন্সপেক্টরের পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি নীলফামারী কিশোরগঞ্জ ও সৈয়দপুর থানার ওসির দায়িত্ব পালন করেন। তিনি পরিবার নিয়ে সৈয়দপুরের চাঁদনগর ভাড়া বাসায় বসবাস করতেন। সূত্র জানায়, তার মরদেহ গ্রামের বাড়ি রাজশাহী পাঠিয়ে দাফন করা হবে।