দারুণ জয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ১৫:৩৭
এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। অন্যদিকে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে পরাজিত হয়ে আবারো পয়েন্ট হারিয়েছে চেলসি।
 
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুর্দান্ত জয়েই যেন আত্মবিশ্বাসী হয়ে উঠেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তারই ধারাবাহিকতায় এভারটনকে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ২-১ গোলে পরাজিত করে দারুণ এক জয়ে প্রিমিয়ার লীগ টেবিলের শীর্ষে উঠে এসেছে গানার্সরা। এখন ণিগে টানা চার ম্যাচ জয় করে দারুণ ফুরফুরে মেজাজে রয়েছে গানার্সরা। বৃষ্টিস্নাত এমিরেটস স্টেডিয়ামে প্রথম থেকেই স্বাগতিকদের আধিপত্য ছিল। দুই ফ্রেঞ্চম্যান অলিভার জিরু ও লরেন্ত কোসলিয়েনির হেডে প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় আর্সেনাল। ৩৬ মিনিটে ওজিলের ক্রস হেডের সাহায্যে জালে জড়ান জিরু। দুই মিনিট পরে সান্তি কাজোরলার বাম উইংয়ের ফ্রি-কিক থেকে কোসলিয়েনির গোল করলে ব্যবধান দ্বিগুন হয়। বিরতির ঠিক আগে এভারটন মিডফিল্ডার রস বার্কলি এক গোল পরিশোধ করলেও তা দলের হার ঠেকাতে যথেষ্ট ছিল না। এর আগে চেলসিকে হারিয়ে ম্যানচেস্টার সিটির পরে দ্বিতীয় স্থানে ছিল পূর্ব লন্ডনের ক্লাবটি। 
 
IMG0
 
এদিকে ওয়েস্টহ্যামের মাঠ আপটন পার্কে স্বাগতিকের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে চেলসি ব্যর্থতার ধারা বজায় রেখেছে। আপটন পার্কে ১৭ মিনিটে কর্নার থেকে ওয়েস্ট হ্যমাক এগিয়ে দিয়েছিলেন মাওরো জারাতে। দ্বিতীয়ার্ধের শুরুতে গ্যারি কাহিল ব্লুজদের পক্ষে সমতা ফেরালেও ৭৯ মিনিটে বদলী খেলোয়াড় এন্ডি কারোলের গোলে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়। ৪৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে নেমানজা মাতিচ মাঠ ছেড়ে বাইরে চলে গেলে চেলসির সহকারী কোচ সিলভিনো লোরো প্রতিবাদ করলে তাকেও মাঠ ছাড়তে হয়। প্রথমার্ধ শেষে মরিনহো রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলে ডাগ আউট ছেড়ে তাকে স্ট্যান্ডে যেতে হয়। গত সপ্তাহে সাউদাম্পটনের কাছে ঘরের মাঠে ৩-১ গোলে পরাজিত হবার পরে রেফারীকে ভীত বলে আখ্যায়িত করায় মরিনহোকে এক ম্যাচ নিষেধ করেছিল ফুটবল এসোসিয়েশন। কালকের ম্যাচে আবারো রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলায় মরিনহোর সামনে এখন স্টেডিয়াম থেকে বহিষ্কারাদেশের ঝুঁকি চলে এসেছে। এই নিয়ে লিগে সাত ম্যাচে টানা অপরাজিত থাকলো স্লাভেন বিলিচের ওয়েস্ট হ্যাম। আর এই পরাজয়ে  ১০ ম্যাচে ইতোমধ্যেই পাঁচটিতে পরাজিত হয়ে মাত্র ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে নেমে এসেছে হোসে মরিনহোর দল। গতকালের অন্যান্য ম্যাচের ফলাফলগুলো হচ্ছে অ্যাস্টন ভিলা ১-২ সোয়ানসি সিটি, লেইস্টার সিটি ১-০ ক্রিস্টাল প্যালেস, নরউইচ সিটি ০-১ ওয়েস্টব্রম ও স্টোক সিটি ০-২ ওয়াটফোর্ড। গোল ডটকম।