ছাতকে স্কুল ছাত্র হত্যা, আটক ৩

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ১৫:৪১
ছাতকে স্কুল ছাত্র নেছার আহমদকে (১৬) হত্যা করা হয়েছে। সে নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের এছলিম উদ্দিনের পুত্র ও এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। পূর্ব শত্রুতার জের ধরে সহপাঠিরা রবিবার ভোরে তাকে হত্যা করেছে বলে তার পিতা এছলিম উদ্দিন জানিয়েছেন। 
 
এ ঘটনায় স্থানীরা একই গ্রামের কলমধর আলীর পুত্র পাপ্পু (১৯), পাটিবাগ গ্রামের মৃত আলাবুরের পুত্র রুমেন (২০) ও আবুল খয়েরের পুত্র তারেককে (২০) আটক করে পুলিশে সোপর্দ করেন। 
 
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর মুমূর্ষ অবস্থায় নেছার আহমদকে নিজ বসত ঘরের আঙ্গিনায় রেখে পালিয়ে যাওয়ার সময় জনতা ৩ জনকে আটক করে। আহত নেছার আহমদকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 
 
নিহতের পিতা জানান, শনিবার রাত প্রায় ১০টার দিকে কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায় নেছার আহমদ। সকালে প্রায় মৃত অবস্থায় বাড়ির আঙ্গিনায় ফেলে যায় তার সহপাঠিরা। থানা পুলিশ নেছার আহমদের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। স্থানীয় একাধিক লোক জানান, টেংগারগাঁও-বাংলাবাজার সড়কে গাড়ি ডাকাতি করতে গিয়ে রাতে গাড়ি চাপায় আহত হয়েছে নেছার আহমদ। পরে হাসপাতালে নেয়ার পথে ভোরে তার মৃত্যু হয়। 
 
ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডটি রহস্যজনক। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।