নওগাঁয় জামায়াত নেতাসহ ৫ শিবির কর্মী গ্রেফতার

আপডেট : ২৫ অক্টোবর ২০১৫, ১৭:২০
নাশকতা পরিকল্পনা করতে পারে এমন অভিযোগে বিপুল পরিমাণ লিফলেট, ব্যানার, জিহাদি বই, রামদা, হাসুয়া, চাপাতিসহ নওগাঁ পৌর জামায়াতের আমীর মাওলানা হোসাইন আহমেদ মুজাহিদসহ শিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
রবিবার বিকেলে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার দমন আইনে নওগাঁ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
 
পুলিশ সুপার মোজাম্মেল হোসেন পিপিএম জানান, শনিবার রাতে পার-নওগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে নওগাঁ পৌর জামায়াতের আমীর মাওলানা হোসাইন আহমেদ মুজাহিদকে (৪৫) আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে শহরের দয়ালের মোড়ে ডিবি পুলিশ পৌর ছাত্র শিবিরের সেক্রেটারি মিজানুর রহমান (১৮), দপ্তর সম্পাদক রেজাউল করিম (২২), ছাত্র শিবিরের সক্রিয় কর্মী সাজেরুল ইসলাম (২০) ও জামিলুর রহমানকে (২৩) গ্রেফতার করে।
 
এ সময় তাদের কাছ থেকে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের মুক্তির দাবি সম্বলিত ও সরকার বিরোধী বিপুল পরিমাণ লিফলেট, ব্যানার, জিহাদি বই, রামদা, হাসুয়া, চাপাতি উদ্ধার করা হয়।
 
পুলিশ সুপার আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত অর্থ জোগানদাতাদের গ্রেফতারেও জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।