সিলেট নগরীর জিন্দাবাজারে সামসুদ্দিন (৩৫) নামে এক পাথর ব্যবসায়ীকে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সামসুদ্দিন কোম্পানিগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের বাসিন্দা। তিনি সালুটিকরের ফেরদৌস স্ট্রোন ক্রাশারের স্বত্বাধিকারী।
জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে বারুতখানাস্থ ডাচ বাংলা ব্যাংক থেকে আট লাখ টাকা নিয়ে রিকশায় করে আম্বরখানা যাচ্ছিলেন সামসুদ্দিন ও তার সঙ্গী আব্দুর রশিদ। সিটি সেন্টারের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক রিকশাটির গতিরোধ করে সামসুদ্দিনের পায়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এতে হাতে থাকা টাকার ব্যাগসহ মাটিতে লুটিয়ে পড়েন সামসুদ্দিন। এ সময় ব্যাগটি নিয়ে মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করে ছিনতাইকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
