কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডাকাত সাজিয়ে শামসুদ্দিন মনির হোসেনকে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে।
রবিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শাহ কামাল আকন্দ আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ কামাল আকন্দ জানান, এরই মধ্যে এ মামলায় গ্রেফতার গৃহকত্রী নাছিমা আক্তার ও মসজিদের ঈমাম হাছান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই ভোরে মুরাদনগরের কাজিয়াতল গ্রামের ময়নাল হোসেনের বাড়িতে পাওনা টাকা চাইতে যান একই গ্রামের প্রবাস ফেরত শামসুদ্দিন মনির। এ সময় একই বাড়ির মসজিদের ঈমাম বাড়িতে ডাকাত পড়েছে বলে মাইকিং করে। এরপর অভিযুক্তরা হাত-পা-চোখ বেঁধে ও পায়ের রগ কেটে প্রকাশ্যে নির্যাতন চালিয়ে মনিরকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে গৃহকর্তা ময়নাল হোসেন, আবদুর রশিদ, স্থানীয় সাংবাদিক শরীফুল ইসলাম ডালিম, মসজিদের ঈমাম আবুল হাছানসহ সাতজনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ ওই মামলায় মসজিদের ঈমাম আবুল হাছান, গৃহকর্তা ময়নালের স্ত্রী নাছিমা আক্তার, আবদুর রশিদ, রুহুল আমিন এবং স্থানীয় সাংবাদিক শরীফুল ইসলাম ডালিমকে গ্রেফতার করে।
