খুলনায় শিশু রাকিব হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ মামলায় আদালত ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ করেছে।
রবিবার খুলনা মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানার আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ কার্যক্রম সম্পন্ন করেন।
উল্লেখ্য, নিজের গ্যারেজের কাজ ছেড়ে অন্যত্র কাজ নেয়ায় ক্ষিপ্ত হয়ে গত ৩ অগাস্ট সন্ধ্যায় শরীফ মোটর্স গ্যারেজের মালিক ওমর শরীফ ও তার সহযোগী মিন্টু দোকানের ভেতর নিয়ে শিশু রাকিবের পায়ুপথে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেয়ার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে রাকিব মারা যায়।
এ ঘটনায় রাকিবের বাবা আলম হাওলাদার তিনজনকে আসামি করে পরদিন মো. শরীফ ও সহযোগী মো. মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমের নামে হত্যা মামলা করেন। রাকিবের মৃত্যুর খবর পেয়ে ওইদিন রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষুব্ধ জনতা শরীফ ও মিন্টুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ শরীফের মাকে গ্রেফতার করে। গ্রেফতার তিনজনই হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
