দুবাই টেস্ট জয় পেতে আগামীকাল সোমবার পঞ্চম দিনে আরো ৩৬১ রান করতে হবে ইংল্যান্ড। এই লক্ষ্য তাড়া করতে অ্যালিস্টার কুকদের হাতে রয়েছে ৭ উইকেট।
আজ রবিবার ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডকে ৪৯১ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। সেই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩০ রান নিয়ে দিন শেষে করেছে ইংল্যান্ড। চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৩০ রান। জো রুট ৫৯ ও জনি বেয়ারস্টো ৬ রানে ব্যাট করছেন। দিনের শুরুতে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় ইংল্যান্ড। মইন আলিকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন পেসার ইমরান খান। এরপর অধিনায়ক কুককে ফিরিয়ে দেন ইয়াসির শাহ। প্রথম ইনিংসেও এই লেগ স্পিনার কুকের উইকেট নিয়েছিলেন। তৃতীয় উইকেটে ইয়ান বেলের সঙ্গে ১০২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন তরুণ রুট। বেলকে বিদায় করে ৩৪.৩ ওভার স্থায়ী জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর। তবে বেয়ারস্টোকে নিয়ে দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন রুট।
IMG0
এর আগে রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ২২২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। কোনো রান যোগ না করে অধিনায়ক মিসবাহ-উল-হক ফিরে গেলে শুরুতেই একটা ধাক্কা খায় দলটি। পঞ্চম উইকেটে আসাদ শফিকের সঙ্গে ১১৩ রানের জুটি গড়েন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান ইউনুস। ক্যারিয়ারের ৩১তম শতক পাওয়া এই ব্যাটসম্যান থামেন ১১৮ রানে। তার ২১১ বলের ইনিংসটি ১৩টি চার সমৃদ্ধ। দলের দ্বিতীয় ইনিংসে এটি ইউনুসের দ্বাদশ শতক, তার চেয়ে এগিয়ে আছেন কেবল কুমার সাঙ্গাকারা (১৪), কুক (১৩) ও শচিন টেন্ডুলকার (১৩)। ইউনুসের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি শফিক। ৭৯ রান করে তিনি মইনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। শফিকের বিদায়ের সঙ্গে ৬ উইকেটে ৩৫৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান ৩৭৮ ও ইংল্যান্ড ২৪২ রান করে। টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জেতে দলটি। ক্রিকইনফো।
