ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ৪৪ নেতাকর্মী কারাগারে

আপডেট : ২৬ অক্টোবর ২০১৫, ১৬:১১
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালত। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির ৪৬নেতাকর্মী আদালতে আত্মসমর্পন করলে জেলা ও দায়রা জজ মো. কাউছার তাদের মধ্যে ৪৪জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। অসুস্থ্ জনিত কারণে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ ও স্বেচ্ছাসেবক দলের নেতা মাইনুল ইসলামের জামিন মঞ্জুর করেছে আদালত। 
 
বিস্ফোরক, নাশকতা, পুলিশের ওপর হামলা ও দ্রুত বিচার আইনসহ ১৩টি মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা যুবদল আহবায়ক মনির হোসেন, যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সিনিয়র সহসভাপতি রাশেদ কবির আকন্দসহ ৪৬ নেতাকর্মী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। 
 
এ সময় আসামিদের পক্ষে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশীদ, জেলা জাতীয়তাবাদী ফোরাম আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমাসহ অর্ধশত আইনজীবী জামিনের দাবি জানায়।