রাজশাহী ও নাটোরের তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তলব করেছে রাজশাহী আমলি আদালত। এরা হলেন, রাজশাহীর চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন ও পুঠিয়া থানার ওসি শাহরিয়ার খান এবং নাটোরের সিংড়া থানার ওসি নাছির উদ্দিন মন্ডল।
গ্রেফতারি পরোয়ানা তামিলে ইচ্ছাকৃত অবহেলার অভিযোগে রাজশাহীর আমলি আদালত-৫’র বিচারক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ সম্প্রতি এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, চারঘাট থানার মামলার আসামির বিরুদ্ধে ৩০ জুন গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ। পরোয়ানা তামিলে থানার ওসি কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। তাই এ থানার ওসিকেও তলব করেছে আদালত।
অন্যদিকে আসামি পুঠিয়া উপজেলার বাসিন্দা হওয়ায় গ্রেফতারি পরোয়ানা তামিলে পুঠিয়া থানার ওসিকে নির্দেশ দেয়া হয় আদালত থেকে। কিন্তু গত কয়েক মাসেও গ্রেফতারি পরোয়ানা তামিল না হওয়ায় পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন ১২ অক্টোবর দাখিলের দিন ধার্য করে সংশ্লিষ্ট থানার ওসিকে অবহিত করা হয়। কিন্তু পুঠিয়া থানা পুলিশ নির্ধারিত দিনেও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন আদালতে দেননি। এমনকি কেন গ্রেফতারি পরোয়ানা তামিল হয়নি তার কোনো কারণও আদালতকে জানানো হয়নি।
এদিকে রাজশাহীর আমলি আদালত-৫’র র আরেকটি গুরুত্বপূর্ণ মামলার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নয় মাস পরও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন পুলিশের পক্ষ থেকে আদালতে না পাঠানোর অভিযোগে নাটোরের সিংড়া থানার ওসিকে ২৫ নভেম্বর আদালতে হাজির হয়ে কৈফিয়ত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
