দুই স্পিনার বাঁ-হাতি রঙ্গনা হেরাথ ও মিলিন্দা সিরিবর্দেনের সাত উইকেট শিকারের সুবাদে সোমবার দ্বিতীয় টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭২ রানে জয় পেয়েছে শ্রীলংকা। এই জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল লঙ্কানরা।
কলম্বোর পি সারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে আগের ১ উইকেটে ২০ রান নিয়ে পঞ্চম দিন মধ্যাহ্ন বিরতির পর খেলতে নামে সফরকারীরা। এ সময় জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১৭১ রান আর হাতে ছিল ৯ উইকেট।
অভিজ্ঞ হেরাথ ৫৬ রানে চারটি এবং সিরিবর্দেনে ২৫ রানে ৩ উইকেট শিকার করলে সফরকারীরা আর দাঁড়াতে পারেনি। একমাত্র ব্যতিক্রম ছিল ৬১ রান করা ড্যারেন ব্রাভো।
কেমার রোচ (১৩) এবং জোমেল বারিকান (অপরাজিত ২০) নবম উইকেট জুটিতে ৩৩ রান যোগ করার আগে ওয়েস্ট ইন্ডিজ ১৩৮ রান তুলতেই নয় উইকেট হারিয়ে ফেলে।
ওয়েস্ট ইন্ডিজ গ্রেট গারফিল্ড সোবার্স এবং লঙ্কান সাবেক অধিনায়ক মাইকেল তিসেরার নামে প্রচলিত ট্রফিটি জিতে নেয় গলের প্রথম ম্যাচে ইনিংস ও ৬ রানে জয় পাওয়া শ্রীলংকা।
সিরিজে ২৯৩ রান খরচে ১৫ উইকেট শিকার করেন হেরাথ। ফলে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের আরো কাছে চলে আসেন। শ্রীলংকার মাত্র দুই বোলার কিংবদন্তী মুত্তিয়া মুরলিধরন এবং চামিন্ডা ভাসই টেস্ট ক্রিকেটে তিন’শর বেশি উইকেট শিকার করতে সক্ষম হয়েছেন।
বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা ভেস্তে যাওয়ার পর আগের দিনের অপরাজিত জুটি ব্রাভো এবং শাই হোপ লঙ্কান বোলারদের দেখে শুনে খেলে দলীয় স্কোর ৮০-১ তে নিয়ে যান।
স্টাম্পড হওয়ার আগে ৩৫ রান করা হোপকে আউট করে ৬০ রানের জুটি ভাঙেন সিরিবর্দেনে। এরপর হেরাথের বলে দুইটি ছক্কা হাকালেও হাফ সেঞ্চুরি পূর্ণ করার কিছুক্ষণ পর একই বোলারের শিকার হন ব্রাভো।
চার রান করা জার্মেইন ব্ল্যাকউডকে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া সিরিবর্দেনে লেগ বিফোরের ফাঁদে ফেলার আগে অফ স্পিনার দিলরুয়ান পেরেরার বলে অ্যাঞ্জেলো ম্যাথুজের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ছয় রান করা মারলন স্যামুয়েলস। একই ওভারে দিনেশ রামদিন (১০) এবং ব্রাভোকে আউট করে মধ্যাহ্ন বিরতির পরপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লঙ্কানদের জয় নিশ্চিত করেন সিরিজ সেরা নির্বাচিত হওয়া হেরাথ।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার সাত রান করে সিরিবর্দেনের লেগ বিফোরের ফাঁদে পড়েন এবং হেরাথের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন এক রান করা জেরোমে টেইলর ।
দল দুটি এখন তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি-২০ সিরিজে মোকাবেলা করবে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলংকা প্রথম ইনিংস : ২০০
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৬৩
শ্রীলংকা দ্বিতীয় ইনিংস: ২০৬
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস:১৭১।
ফল: শ্রীলংকা -৭২ রানে জয়ী।
সিরিজ: শ্রীলংকা ২-০ ব্যবধানে জয়ী।
