কৃষিনির্ভর জেলা জয়পুরহাটে কোন উদ্যোক্তা গার্মেন্টস্ শিল্প করতে চাইলে মূলধনী যন্ত্রপাতি কেনার ঋণের ব্যবস্থা করবে বাংলাদেশ ব্যাংক। সোমবার দুপুরে জয়পুরহাট সার্কিট হাউস চত্বর মাঠে কৃষি ঋণ ও কর্মসংস্থান সহায়তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আতিউর রহমান। এছাড়া আমদানি বিকল্প ফসল ডাল, তৈলবীজ, মসলা চাষীদের ৪ শতাংশ হারে ঋণ দেয়ার ঘোষণা দেন তিনি। কৃষি ও পল্লী ঋণ বিতরণের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার প্রদান করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করেন, পাট চাষীদের ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে রপ্তানির সাথে সংশ্লিষ্ট সকল পাটকল ও পাট ব্যবসায়ীদের শতকরা ৯ শতাংশ সুদে ১১টি ব্যাংককে ও মিঠাপানিতে চিংড়ি ও দুগ্ধ উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে দুগ্ধ খামার ও গাভী পালন খাতে বাংলাদেশ ব্যাংক হতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংককে ১১ শতাংশ হারে ঋণ প্রদানের ঘোষণা দেন। কৃষি ঋণ পেতে কোন কৃষক হয়রানির শিকার হলে ১৬২৩৬ টেলিফোন নম্বরে ফোন করে অভিযোগ জানানোর পরামর্শও দেন তিনি।
জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের বগুড়ার নির্বাহী পরিচালক বিষ্ণুপদ সাহা, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আ: হাকিম মন্ডল, নারী উদ্যোক্তা আয়েশা আক্তার জেসমিন প্রমুখ।
