আর্জেন্টিনা দলে ফিরলেন হিগুয়েইন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৫, ১৬:৩৭
ইনজুরি আক্রান্ত লিওনেল মেসিকে এখনো দলে পায়নি আর্জেন্টিনা। তার উপর ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচে এখনো গোল করতে পারেনি দল। এসব কিছুকে মাথায় রেখে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনকে দলে ডাকা হয়েছে। 
 
অক্টোবরে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের জন্য কোচ জেরার্ডো মার্টিনোর বিবেচনায় আসতে পারেননি নাপোলির এই তারকা স্ট্রাইকার। ঐ ম্যাচ দুটিতে ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে পরাজিত হওয়া ছাড়াও প্যারাগুয়ে সফরে গোলশুন্য ড্র করে মার্টিনোর দল। ইকুয়েডরের বিপক্ষে পায়ে আঘাত পাওয়া ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো আসন্ন ম্যাচ দুটিতেও দলে থাকছেন না। আর্জেন্টাইন এফএ নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে। ব্যাক-আপ স্ট্রাইকার হিসেবে চার বছরে একটিও আন্তর্জাতিক গোল না পাওয়া অভিজ্ঞ কার্লোস তেভেজকে স্কোয়াডে রাখা হয়েছে। একইসাথে অসানসিওনে বদলী হিসেবে অভিষেক হওয়া জুভেন্টাসের পাওলো ডিবালা ২৫ জনের দলে জায়গা ধরে রেখেছেন। 
 
এদিকে এক মাস আগে হাঁটুর ইনজুরিতে পড়া মেসিকে হয়ত আরো সাত থেকে আট সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। দক্ষিণ আমেরিকান গ্রুপের বাছাইপর্বে দশদলের মধ্যে শীর্ষে থাকা উরুগুয়ে, ইকুয়েডর ও চিলির থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে আর্জেন্টিনা বর্তমানে সপ্তম স্থানে রয়েছে। আগামী ১২ নভেম্বর চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আতিথ্য দিবে আর্জেন্টিনা, এর পাঁচদিন পরে কলম্বিয়া সফরে যাবে।
স্কোয়াড : গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাহুয়েল গাজমান, অগাস্টিন মারচেসিন।
ডিফেন্ডার : পাবলো জাবালেটা, নিকোলাস ওটামেন্ডি, মার্টিন ডেমিচেলিস, ইমানুয়েল মাস, মার্কোস রোহো, ফাকুনডো রোকাগিলা, এজেকুয়েল গ্যারে, রামিরো ফুনেস।
মিডফিল্ডার : জেভিয়ার মাসচেরানো, লুকাস বিগলিয়া, মাটিয়াস ক্রানেভিত্তার, ইভার বানেগা, এ্যাঞ্জেল ডি মারিয়া, জেভিয়ার পাস্তোরে, এনজো পেরেজ, এরিক লামেলা।
ফরোয়ার্ড : গঞ্জালো হিগুয়েইন, পাওরো দিয়াবালা, কার্লোস তেভেজ, নিকোলাস গাইতান, এ্যাঞ্জেল কোরেয়া, এজেকুয়েল লাভেজ্জি। বাসস।