নিজের এক বান্ধবীকে শারীরিক ভাবে আঘাত করেছিলেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্র। এই অপরাধে ভারতের জাতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্রকে আজ মঙ্গলবার গ্রেফতার করে ব্যাঙ্গালোর পুলিশ। পরে অবশ্য জামিনে মুক্তি পান এই লেগস্পিনার।
এনডিটিভি জানায়, গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ব্যাঙ্গালোরে জাতীয় দলের ক্যাম্প চলার সময় অঘটনটি ঘটান মিশ্র। তার বিরুদ্ধে অভিযোগ, হোটেল কক্ষে মেয়ে বন্ধুকে আঘাত করেছিলেন মিশ্র। মেয়েটি গত ২০ অক্টোবর মামলা দায়ের করে। মিশ্রর বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের ৩২৩ ধারা (স্বপ্রণোদিত হয়ে কাউকে আহত করা) ও ৩২৪ ধারায় (স্বপ্রণোদিত হয়ে বিপজ্জনক অস্ত্র দিয়ে কাউকে আহত করার) অভিযোগ দায়ের করা হয়।
ওই মামলার প্রেক্ষিতেই পুলিশ মিশ্রকে গ্রেফতার করে। তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেয় পুলিশ। মামলার বিষয়ে ব্যাঙ্গালোরের ডেপুটি পুলিশ কমিশনার সন্দীপ পাতিল এটা একটা জামিনযোগ্য অপরাধ। চার্জশিট তৈরি করে আদালতে জমা দেওয়া হবে। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রোববার শেষ হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ছিলেন মিশ্র। চার ম্যাচ খেলে ৪টি উইকেট পান তিনি। সিরিজটি ৩-২ ব্যবধানে হারে স্বাগতিকরা। আগামী ৭ নভেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্টের প্রথমটির দলে আছেন মিশ্র। এনডিটিভি ও ক্রিকইনফো।
