পাকিস্তানের ভূমিকম্প দুর্গতদের জন্য ৫০ লাখ রুপি দান করেছেন দেশটির ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে এই অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার ভূমিকম্পে আহতদের দেখতে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে যান আফ্রিদি। সেখানে ভর্তি হওয়া আহতদের খোঁজখবর নেন তিনি। চিকিৎসার খরচ চলাতে তিনি সেখানে কয়েকজনের হাতে চেক হস্তান্তর করেন।
আফ্রিদির দাতব্য সংস্থা দ্য শহিদ আফ্রিদি ফাউন্ডেশন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ৫০ লাখ রুপি ব্যয় করবে। আফ্রিদি তার ফেসবুকে এই সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রায়ই সহায়তা দেন। এছাড়াও শিক্ষাবিস্তার ও স্বাস্থ্যসেবার জন্যও দান করেন আফ্রিদি।
IMG0
গত সোমবার আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর ভারতে আঘাত হানা ৭ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পটিতে এখন পর্যন্ত ৩৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধুমাত্র পাকিস্তানেই প্রাণ হারিয়েছেন ২৩১ জন। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন খাইবার পাখতুন এলাকা। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী সেখানে ১৮৫ জনের মৃত্যু হয়েছে। সূত্র: ডন
