ভুয়া চিকিৎসকের দুই বছরের কারাদণ্ড

আপডেট : ২৭ অক্টোবর ২০১৫, ২১:২০
নওগাঁয় গ্রেফতার ভুয়া চিকিৎসক কাইসার উদ্দিন মাহফুজকে (৩২) দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামের বসিন্দা।
 
মঙ্গলবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) হাতে গ্রেফতার হওয়ার পর তাকে সন্ধ্যায় এ দণ্ড দেয়া হয়।
 
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কাইসার উদ্দিন তিন সপ্তাহ ধরে জেলা শহরে অবস্থিত কমপ্যাথ মেডিক্যাল ক্লিনিকে অ্যালট্রসনো, প্যাথলজি ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎক হিসেবে সেবা দিয়ে আসছিলেন। দুই সপ্তাহ আগে তার দেয়া আল্ট্রাসনো রিপোর্ট অনুযায়ী এক রোগীকে অস্ত্রপচারের পর ওই রিপোর্ট ভুল প্রমাণিত হয়। পরে ওই সার্জন চিকিৎসক বিষয়টি সিভিল সার্জনকে জানায়। খোঁজখবর নিয়ে কাইসারের সনদপত্র ভুয়া প্রমাণিত হওয়ায় বিষয়টি এনএসআইকে জানানো হয়। বিকেল পাঁচটার দিকে তাকে শহরের দয়ালের মোড়ে ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করে এনএসআই। পরে তাকে সিভিল সার্জন কার্যালয়ে নেয়া হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ কারাদণ্ড দেয়।
 
সিভিল সার্জন একেএম মোজাহের হোসেন বলেন, ‘কাইসার উদ্দিনের করা আল্ট্রাসনো রিপোর্টের ব্যাপারে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে ছিল। সর্বশেষ তিনি একটি রোগীর পিত্তথলীতে পাথর রয়েছে বলে আল্ট্রাসনো রিপোর্ট দেন। কিন্তু অস্ত্রপচার করে জানা যায়, তার পেটে কোনো পাথর নেই। তারপর থেকে তার বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়।