বিএসএফের হাতে চার বাংলাদেশিসহ আটক ৬

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ২২:০৬
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৪ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া ভারতের দুই নাগরিককে আটক করা হয়। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মালুয়াপাড়া ক্যাম্পের একটি দল তাদের আটক করে।
 
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান।
 
আটক বাংলাদেশিদের দুইজন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের ও দুইজন মাগুরা জেলার বাসিন্দা। বাকি দুইজন ভারতের নাগরিক।
 
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, এ দিন আনুমানিক বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর এলাকার প্রধান খুঁটি ৮৭ থেকে ভারতের প্রায় ১০০ গজ ভেতরে চাকুলিয়া নদীর পাড় থেকে আটক করা হয়। পরবর্তীতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।
 
মনিরুজাজামান আরও জানান, আটক নাগরিকদের ফিরিয়ে আনার ব্যাপারে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।