বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে চাকলাদার আবু সাঈদ (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডে আদেশ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান এই আদেশ দেন। এ সময় আবু সাঈদ কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ চাকলাদার রামপাল উপজেলার আব্দুল হাকিম চাকলাদারের ছেলে।
নিহতের নাম রুনা খাতুন (২৮)। তিনি একই উপজেলার বি চাকশ্রী গ্রামের শেখ হেকমত আলীর মেয়ে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৭ জানুয়ারি রাতে অর্থ-সম্পত্তি ও সোনার গহনা নিয়ে ঝগড়ার জের ধরে স্বামী আবু সাঈদ চাকলাদার তার স্ত্রী রুনা খাতুনকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। রামপাল থানা পুলিশ এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করে লাশ ময়না তদন্তের জন্য পাঠায়। পরে ময়না তদন্তের ভিসেরার রাসায়নিক পরীক্ষায় হত্যার প্রমাণ পাওয়া গেলে অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
মামলার এজাহার অনুযায়ী নিহতের বাবা শেখ হেকমত আলী ঐ বছরের ৪ মার্চ আবু সাঈদ, তার বাবা ও বোনসহ পাঁচ জনের বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগে রামপাল থানায় একটি মামলা করেন। রামপাল থানার উপ পরিদর্শক ও এই মামলার তদন্ত কর্মকর্তা মারফত আলী তদন্ত শেষে ২০১২ সালের ২৩ মে অন্যদের অভিযোগ থেকে অব্যহতি দিয়ে স্বামী আবু সাঈদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত মামলার শুনানিকালে মোট নয় জনের স্বাক্ষ্য গ্রহণ করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মোহম্মদ আলী। আসামি পক্ষে ছিলেন অ্যাড. মাহাবুবুর রহমান লাবু।
