পুলিশের ওপর হামলার মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক আসম জাকারিয়া আল মামুন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর নবী রাজুসহ যুবলীগ ও ছাত্রলীগের আট নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে তারা নোয়াখালীর ৪নম্বর আমলি আদালতে আত্মসমার্পনের পর জ্যৈষ্ঠ বিচারিক হাকিম মো. সিরাজ উদ্দিন ইকবাল জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আত্মসমার্পনকারী নেতা-কর্মীরা হলেন- উপজেলা যুবলীগের আহবায়ক আসম জাকারিয়া আল-মামুন, তার ছোটভাই ছাত্রলীগ কর্মী জাকারিয়া আল সুজন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নূর নবী ওরফে রাজু, যুবলীগ কর্মী আল-আমিন, মো. মিলন, মো. তারেক, কামাল হোসেন ও আবু শাকের রানা।
৫ আগষ্ট বিকালে সেনবাগ থানা পুলিশের একটি দল উপজেলা গেট এলাকায় অবৈধ মোটরসাইকেল বিরোধী অভিযানে আল আমিন নামের এক যুবলীগ কর্মীর মোটরসাইকেল আটক করে। এ নিয়ে আল আমিনসহ সেখানে উপস্থিত যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীর সঙ্গে পুলিশের গাড়ি চালক মামুনুর রশিদের হাতাহাতি হয়। একই সময় ধাক্কাধাক্কি হয় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদেরও। ওই সময় ছাত্রদল নেতা নূর নবী রাজুও উপস্থিত ছিলেন। পরে ঘটনার বিষয়ে পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে।
