কক্সবাজারের টেকনাফ পৌরসভায় ট্রাকের ধাক্কায় মমতাজ মিয়া (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াই টার দিকে পৌরসভার বাসষ্টেশনে এ ঘটনা ঘটে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার আবদুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইট ভর্তি (কক্সবাজার দ-১১-০০০৮) ট্রাকটি টেকনাফের দিকে আসছিল। ট্রকাটি টেকনাফ পৌরসভার বাসষ্টেশন মাছ বাজারের কাছাকাছি পৌঁছলে পথচারী মমতাজকে ধাক্কা দিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। পরে টেকনাফ থানা পুলিশ ওই স্থান থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করে সুরুতহাল তৈরি করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তি একজন শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাফায়েত আহমদ বলেন, 'উদ্ধার করা নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা রুজু করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।'
