সব শঙ্কাকে ভুল প্রমাণ করে অবশেষে বাংলাদেশে আসার কথা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করার পরেও অস্ট্রেলিয়ান ফুটবল দল ঢাকায় যাওয়ার জন্য আগামী ১৪ নভেম্বর ফ্লাইট বুক করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আগামী ১৭ নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এই ম্যাচটি হওয়ার কথা। এর আগে নিরাপত্তার আশংকায় অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন এই ম্যাচটি অন্য কোন দেশে করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা সেই প্রস্তাব নাকচ করে দেয়। বাফুফের জেনারেল সেক্রেটারি আবু নাইম সোহাগ বিবিসি বাংলাকে জানিয়েছেন, অস্ট্রেলিয়ান দলের ৭৫ জন খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিক এবং প্রতিনিধির তালিকা ইতোমধ্যে ইমেইল করে তাদের কাছে পাঠানো হয়েছে। ১৪ নভেম্বর অস্ট্রেলিয়া দলের ঢাকায় আসবে। উল্লেখ্য এর আগে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল তাদের বাংলাদেশ সফর বাতিল করেছিল।
এর আগে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান ডেভিড গ্যালপকে উদ্ধৃত করে আজ বুধবার যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রস্তাব ফিফা প্রত্যাখ্যান করার পর তারা বিষয়টি ফিফার নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটির কাছে জানিয়েছে। তিনি বলেছেন, বিকল্প কোন দেশে এই ম্যাচ করার সুযোগ আছে। কিন্তু ফিফা এখনো পর্যন্ত এরকম কোন বিকল্প ভেন্যুর ব্যাপারে রাজী হয়নি।
