মধ্য এশিয়ার পাঁচ দেশ সফরে যাচ্ছেন কেরি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ১৯:৫১
 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রথমবারের মতো মধ্য এশিয়ার পাঁচটি দেশ সফরে যাচ্ছেন। মঙ্গলবার তার অফিস থেকে এই তথ্যটি জানানো হয়েছে। সিরিয়া সংকট নিয়ে শুক্রবার অস্ট্রিয়ায় একটি সংলাপে অংশ নেয়ার পর কিরগিজিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফরে যাবেন কেরি। আগামী ৩ নভেম্বর তার এই সফর শেষ হবে।
 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোন পররাষ্ট্রমন্ত্রী এক সফরে মধ্য এশিয়ার পাঁচটি দেশে যাবেন। কিরগিজিস্তানের রাজধানী বিশকেকে কেরির উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি বিশেষ আদালত ও মধ্য এশিয়ার আমেরিকান বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস চালু করা হবে।
 
উজবেকিস্তানের সমরকন্দে সফরের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করবেন কেরি। এই পাঁচটি দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি আরো জানিয়েছেন, নতুন এই কূটনৈতিক জোটটি সি৫+১ নামে পরিচিত হবে। এই জোটে আঞ্চলিক ও বৈশ্বিক সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে সচিব ও মন্ত্রী পর্যায়ে আলোচনা হবে।
 
সেখান থেকে আস্তানায় চতুর্থ যুক্তরাষ্ট্র-কাজাখস্তান কৌশলগত সংলাপে অংশ নিবেন করি। মধ্য এশিয়ার দেশগুলোর বৈশ্বিক গুরুত্ব নিয়ে সেখানে বক্তব্য দিবেন তিনি। এছাড়াও আশগাবাত ও দুশানবেতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তিনি।
 
সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ এই দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে সতর্কতা অবলম্বন করেই বক্তব্য দেয় যুক্তরাষ্ট্র। কারণ প্রতিবেশী আফগানিস্তানের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাদের রসদ সরবরাহ অনেকাংশে এই দেশগুলোর ওপর নির্ভর করে। সূত্র: এএফপি