ক্লাসরুমে ঢুকে এক স্কুলছাত্রীকে ছুড়ে ফেলে দেয়ার ঘটনার ভিডিও প্রকাশের পর যুক্তরাষ্ট্রের এক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাউথ ক্যারোলাইনার প্রধান শহর কলাম্বিয়ার স্প্রিং ভ্যালি হাইস্কুলে ঘটনাটি ঘটেছে। পুলিশ কর্মকর্তা বেন ফিল্ডস ঐ স্কুলটির ‘রিসোর্স’ কর্মকর্তা ছিলেন।
বুধবার কলাম্বিয়ার রিচল্যান্ড কাউন্টির শেরিফ লিওন লট বলেন, একজন শিক্ষার্থীকে ছুঁড়ে ফেলা তার উচিত হয়নি, প্রশিক্ষণের সময় তাকে শেখানো অনেক কিছুই তিনি সে সময় কাজে লাগাতে পারতেন, তাকে শিক্ষার্থীদের ছুড়ে ফেলে দেয়ার প্রশিক্ষণ দেয়া হয়নি।
লট বলেন, এটা সঠিক পদ্ধতি নয় এবং আইনপ্রয়োগ করতে গিয়ে এ ধরনের আচরণ করা উচিত নয়। এটি আমাদের নীতির লঙ্ঘন, তাই রিচল্যান্ড কাউন্টি শেরিফের ডিপার্টমেন্ট থেকে বেন ফিল্ডসকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের পর বেনের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে তদন্ত শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঐ আফ্রিকান-আমেরিকান শিক্ষার্থীটি তার মোবাইল ফোন সরিয়ে রাখতে অস্বীকৃতি জানানোর পর ক্লাসরুম থেকে বের হয়ে যেতেও অস্বীকৃতি জানান।
তখন ঐ পুলিশ কর্মকর্তাকে ডেকে এনে আবারো শিক্ষার্থীকে ক্লাস ছেড়ে যাওয়ার জন্য বলা হয়। ঐ শিক্ষার্থী তখনও অস্বীকৃতি জানালে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা বেন।
ভিডিওতে দেখা যায়, বেন ঐ শিক্ষার্থীকে নিচে ছুঁড়ে ফেলে মেঝে দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন।
ক্লাসের অন্য এক শিক্ষার্থী ঘটনাটির ভিডিও করে ইন্টারনেটে আপলোড করে দেন।
