টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও ৪জন। বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকায় বালু আনতে যাচ্ছিল ট্রাকটি। আর সিএনজি চালিত অটোরিকশাটি বঙ্গবন্ধুসেতু গোলচত্ত্বরে থেকে এলেঙ্গার দিকে যাওয়ার পথে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকার ১২নং ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজনের মৃত্যু হয়। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপরজন মারা যান।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার দুপুরে মহাসড়কে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত বা আহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
