লিগ কাপ থেকে এবার ইউনাইটেডের বিদায়

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৫:৫৩
দ্বিতীয় সারির দল মিডলসবোরোর কাছে পেনাল্টিতে ৩-১ গোলের পরাজয় দিয়ে লীগ কাপে বিদায় ঘটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। এর আগে গত মঙ্গলবার রাতে বাদ পড়েছিল চেলসি ও আর্সেনাল।
 
লিগ কাপের এই ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে দীর্ঘ ১২০ মিনিট গোলশূন্য ড্র থাকার পরে ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য টাই ব্রেকারের প্রয়োজন হয়। পেনাল্টিতে ভাগ্য অবশ্য কাল ইউনাইটেডের সহায় ছিল না। ওয়েইন রুনি, মাইকেল ক্যারিক ও এ্যাশলে ইয়ং নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে না পারায় মিডলসবোরো ইংলিশ জায়ান্টদের বিপক্ষে স্মরণীয় এক জয় তুলে নেয়। এর সাথে চেলসি ও আর্সেনালের পরে বড় দল হিসেবে ইউনাইটেডের বিদায় ঘটলো।  রোববার ম্যানচেস্টার সিটির সাথে প্রিমিয়ার লীগ ডার্বিতে গোলশূন্য ড্র করার পরে কালকের এই ফলাফলে কোচ লুইস ফন গাল বলেছেন, এটাকে দুর্ভাগ্যজনক ফল বলা যায়না। কিন্তু সিটির ম্যাচের পরে এই ফলাফলকে দুর্ভাগ্য বলতেই হয়। এই ধরনের ম্যাচে সুযোগ হারালে চলবে না, আমরা আজ সেটাই করেছি, গোল করতে পারিনি। এজন্যই আমি বেশী হতাশ। বাসস।