মেহেরপুরে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৮:০৩
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের আমেনা খাতুন হত্যা মামলায় স্বামী জুলফিকার আলীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
 
অপরদিকে গাংনী উপজেলার রামনগনর গ্রামের নাছির উদ্দীন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলিমের পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
 
বৃহস্পতিবার বিকেলে পৃথক আদালতের বিচারকরা এ দুটি রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
 
মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার আমঝুপি গ্রামের জুলফিকার আলী ২০০৩ সালের ২৫ এপ্রিল মধ্যরাতে স্ত্রী আমেনা খাতুনকে গলা কেটে হত্যা করে বাড়ির অদূরবর্তী মাঠের একটি আম বাগানে। আমেনার পিতা একই গ্রামের আওলাদ হোসেন বাদী হয়ে স্বামীসহ তার পরিবারের পাঁচজনের নামে পরদিন সদর থানায় হত্যা মামলা করেন। সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) খাইরুল আলম তদন্ত করে চার আসামিকে বাদ দিয়ে আমেনার স্বামীর নামে চার্জশিট প্রদান করেন।
 
অন্যদিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ১৬ এপ্রিল গাংনী উপজেলার রামনগর গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নাছির উদ্দীন নামের এক যুবক নিহত হন। পরদিন নিহতের পিতা আনারুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল আলিমকে প্রধান আসমি করে পাঁচজনের নামে গাংনী থানায় হত্যা মামলা করেন। গাংনী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম পাঁচজনকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট দিলে ২০১১ সালের ২৫ এপ্রিল চার্জ গঠন করেন আদালত। বাকি আসামিদের খালাস দেয় আদালত।